২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারি গাড়িতে মাদক’: গাজীপুরে সড়ক প্রকৌশলী বরখাস্ত

কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলীকেও।

‘সরকারি গাড়িতে মাদক’: গাজীপুরে সড়ক প্রকৌশলী বরখাস্ত

প্রজ্ঞাপন ও পত্রের ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 04:55 PM

Updated : 23 Aug 2022, 04:55 PM

সরকারি গাড়িতে ফেনসিডিল বহনের অভিযোগে গাজীপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফেরদৌসী বেগমকে বরখাস্ত করা হয়েছে; এই কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল আলমকে।

এ ছাড়া ওই গাড়ির চালক মো. খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত চিঠিটি গণমাধ্যমে পাঠানো হয়।

সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সোমবার একটি বেসরকারি টেলিভিশনের (যমুনা টেলিভিশন) সংবাদে দেখা যায় যে, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ, গাজীপুরের নামে রেজিস্ট্রশনকৃত গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ-১১-২৮৪৫) ১৩১ বোতল ফেনসিডিল বহনকালে গত ১৯ আগস্ট কুমিল্লা জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়।

আটককৃত গাড়িটি গাজীপুর সড়ক উপ-বিভাগের প্রকৌশলী ফেরদৌসী বেগম সরকারি বাহন হিসেবে ব্যবহার করেন। অনুমতি ছাড়া জেলার বাইরে গাড়ি চালানোর বিষয়টি এ পর্যন্ত কর্তৃপক্ষকে জানানো হয়নি।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, “নির্বাহী প্রকৌশলী গাজীপুরের কাছে টেলিফোনে বিষয়টি জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। এতে প্রতীয়মান হয়, ফেরদৌসী বেগম উপ-বিভাগীয় প্রকৌশলী, গাজীপুর এ ঘটনার সাথে জড়িত রয়েছেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২ (খ) অনুযায়ী অসদাচরণের সামিল। তদন্ত শেষে প্রমাণিত হলে ৩(খ) ও ৪ (৩) অনুযায়ী গুরুদণ্ড আরোপযোগ্য।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, “সরকারি কর্মচারী (শঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) এর বিধি মোতাবেক ফেরদৌসী বেগম (৩৫০০১৫) উপ-বিভাগীয় প্রকৌশলী (চলতি দায়িত্ব), সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক উপ-বিভাগ, গাজীপুরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল।”

একইদিন নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল আলমকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর ও গাড়ির চালক মো. খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়ে সওজের প্রধান প্রকৌশলীকে দুটি চিঠি পাঠিয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

একটি চিঠিতে বলা হয়েছে, “কর্মস্থলের বাইরে কুমিল্লা জেলায় মাদক বহনকালে নিয়ন্ত্রণাধীন সরকারি গাড়ি ও তার চালক আটক হওয়ায় সংশ্লিষ্ট অফিসের প্রধান হিসেবে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।”

Image

প্রজ্ঞাপন ও পত্রের ছবি

এজন্য আগামী সাত দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলীকে।

অপর একটি চিঠিতে বলা হয়েছে, “গাড়িটির চালক মো. খোকন আহমেদ কুমিল্লায় সরকারি গাড়িটিতে মাদক বহনকালে আটক হন। উল্লেখিত গাড়ি চালক সরকারি কর্মচারী নন এবং শ্রমিক মজুরি কোডে নিয়োজিত আছেন।”

চিঠিতে শ্রমিক মজুরি কোডে নিয়োজিত মো. খোকন আহমেদকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

এসব বিষয়ে কথা বলতে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরীফুল আলমের সরকারি নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।