২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের মেঘনায় অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১০

আহত জেলে ইমরান বলেন, তাদের সামনে থাকা অন্য একটি নৌকার লোকজন পুলিশের ওপর হামলা করে। ওই নৌকা ধরতে না পেরে তাদের নৌকা থামায় পুলিশ।

চাঁদপুরের মেঘনায় অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১০

আহত কয়েকজন জেলে

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 06:03 PM

Updated : 17 Oct 2022, 06:03 PM

চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ রক্ষার্থে অভিযানে যাওয়া নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। এতে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ জেলে আহত হয়েছেন।

সোমবার সকালে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে লক্ষ্মীরচর নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, “মা ইলিশ রক্ষায় রাতে পদ্মা-মেঘনা নদীতে যৌথ অভিযানে যায় নৌ-পুলিশ ও কোস্ট গার্ড। এসময় লক্ষ্মীরচর এলাকায় জেলেরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়।

“জেলেদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। আমরা ঘটনাস্থল থেকে পাঁচ জেলেকে আটক করেছি। তাদের নামে মামলা করা হচ্ছে।”

অভিযানে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচএম ফখরুল, নৌ থানা পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান ওসি।

আহত পুলিশ সদস্যরা হলেন- চাঁদপুর নৌ থানার এসআই রেদওয়ান, কনস্টেবল আলিম, বখতিয়ার, আলী আকবর ও শরিফুল।

আহত ও আটক জেলেরা হলেন- ইমরান সরকার, শাহজালাল, কামরুল, ওয়াজ কুরুনি ও রাজিব।

আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে জেলে ইমরান সরকার বলেন, “আমরা মতলব উত্তর উপজেলার চিরারচর ঘাট থেকে লক্ষ্মীরচরের নদীতে মাছ ধরতে যাই। এ সময় আমাদের নৌকার সামনে থাকা অন্য একটি নৌকার লোকজন পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়।

“পরে পুলিশ তাদের নৌকাকে ধাওয়া করে ধরতে না পেরে আমাদের নৌকা থামাতে বললে আমরা নৌকা থামাই। হঠাৎ করে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড আমাদের মারধর করতে শুরু করে।”

“এতে আমরা পাঁচ জেলে আহত হই। আর নৌকায় থাকা বাকি জেলেরা লাফিয়ে পানিতে পড়ে চলে যান।”

এর আগে গত ৯ সেপ্টেম্বর সদর উপজেলার সফর মালি এলাকায় জেলেদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। ওই ঘটনায় অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে নৌ-পুলিশ।