২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে প্রেসক্লাবে ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

এ সময় হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। 

ফেনীতে প্রেসক্লাবে ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিকদের কর্মবিরতি

ফেনী প্রেসক্লাব ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে সাংবাদিকরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 08:01 PM

Updated : 19 Jul 2023, 08:01 PM

ফেনীতে পদযাত্রা ও শান্তি সমাবেশকে ঘিরে পুলিশ-বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও প্রেসক্লাব ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে সাংবাদিকরা।

বুধবার দুপুরে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতি ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হামলার শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইঁয়া।

তিনি বলেন, “প্রেসক্লাব সাংবাদিকদের তীর্থভূমি। সাংবাদিকদের জন্য পবিত্র জায়গা। এই ভবনে হামলা মানে স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা।”

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “সাংবাদিকরা তাদের স্ব-স্ব গণমাধ্যমে জেলার ঘটে যাওয়া সংবাদ তুলে ধরেন। তারা কোনো দলের লেজুরবৃত্তি করেন না। সাংবাদিকদের ওপর হামলা ও প্রেসক্লাব ভাঙচুর কোনোভাবে মেনে নেওয়া যায় না।”

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা বলেন, “ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে কারা হামলা করেছে। আমরা হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের নেতা নাজমুল হক শামীম বলেন, “মঙ্গলবারের রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহকালে আমিসহ অন্তত ১১ সাংবাদিক আহত হয়েছে। প্রেসক্লাব ভাঙচুর হয়েছে। পুলিশের ভুমিকা ছিল নিরব। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ সময় আর বক্তব্য দেন- ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাসসের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক মানবজমিন, বিডিনিউজ ও নিউএইজের জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, সাপ্তাহিক ফেনী সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক নয়া শতাব্দীর জেলা প্রতিনিধি আলী হায়দার মালিক, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলন, জিটিভি ও বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি কামাল উদ্দিন ভূঞাঁ, দৈনিক ডিজিটাল সমসের জেলা প্রতিনিধি এ বি এম নিজাম উদ্দিন, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ভারপ্রাপ্ত সম্পাদক সিদ্দিক আল মামুন, সময় টিভির ক্যামরাপার্সন মীর হোসেন রাসেল।