২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা-মোংলা পথে চলবে পরীক্ষামূলক ট্রেন

আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করবেন বলে জানায় রেল কর্তৃপক্ষ।

শুভ্র শচীন

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 10:59 AM

Updated : 30 Oct 2023, 01:56 PM

পণ্য পরিবহন পথ সুগম করতে খুলনা থেকে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত নির্মিত রেলপথে সোমবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

এদিন দুপুরের পর জেলার ফুলতলা থেকে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে মোংলায় যাবে বলে জানিয়েছেন খুলনা-মোংলা রেললাইন প্রকল্পের প্রধান প্রকৌশলী আহমেদ হোসাইন মাসুম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করবেন।

তবে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য আরও দেড় মাস অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্টরা বলছেন, এই রেলপথের মাধ্যমে মোংলা বন্দরের পণ্য একদিকে যেমন দেশের মধ্যে কম খরচে পরিবহন করা যাবে; অন্যদিকে ভারত, নেপাল ও ভুটান এই পথ ব্যবহার করে পণ্য আমদানি-রপ্তানি করবে। ফলে দক্ষিণের অর্থনীতির অগ্রগতিতে রেলপথটি বড় ভূমিকা রাখবে।

খুলনা-মোংলা রেলপথ চালুর মধ্যে দিয়ে মোংলা বন্দরে নৌ, সড়ক ও রেলপথের মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা চালুর পাশাপাশি পণ্য পরিবহন অনেকটা সহজ হবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় পর রাজধানীর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এ অঞ্চলের ২১টি জেলা।

এখন খুলনা-মোংলা রেলপথ চালু হলে আর্থসামাজিক অগ্রগতির পাশাপাশি সরকারি রাজস্ব বাড়বে; সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান এবং পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে বলে জানান জেলা প্রশাসক।

খুলনা বিভাগীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক প্রণব কুমার রায় বলেন, “পদ্মা সেতুকে ঘিরে গত কয়েক বছর দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। খুলনা-মোংলা রেলপথ উদ্বোধনের পর এ অঞ্চলের আর্থসামাজিক অগ্রগতি আরও বাড়বে।

“গত পাঁচ বছরে খুলনা বিভাগের ১০ জেলায় ১১১টি ছোট-বড় ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিনিয়োগ হয়েছে পাঁচ হাজার ৮৩১ কোটি টাকা। নতুন কর্মসংস্থান হয়েছে ১৪ হাজার ৯২৫ জনের।”

মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব সাইফুল ইসলাম বলেন, মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি, হিমায়িত মাছ ও পাট বেশি রপ্তানি হচ্ছে। গার্মেন্টস পণ্য পরিবহন শুরু হয়ে গেছে।

সড়কপথে কার্গো পরিবহনের খরচ অনেক বেশি; তবে খুলনা-মোংলা রেলপথ চালু হলে সেই তুলনায় ১০ থেকে ২০ গুণ খরচ কম হবে বলে জানান তিনি।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক বলেন, “গত বছর পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানীর সঙ্গে এ অঞ্চলের বাণিজ্যিক গতি বৃদ্ধি পেয়েছে। এবার রেলসংযোগ হচ্ছে, ফলে পরিবহন জটিলতা আর থাকছে না।

“এতে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক গতি দ্রুত বৃদ্ধি পাবে। ধীরে ধীরে যশোরের বেনাপোল থেকে খুলনা হয়ে মোংলা পর্যন্ত একাধারে শিল্পনগরীতে পরিণত হবে।”

এদিকে খানজাহান আলী বিমানবন্দর এবং গ্যাস সরবরাহ চালু হলে দক্ষিণাঞ্চল দেশের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল হবে বলে মনে করেন এ ব্যবসায়ী নেতার।

রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, “জনবল নিযুক্ত করা, কতটি ট্রেন চলবে, ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণসহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে। এগুলো সম্পন্ন করে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চালাতে দেড় মাস লাগতে পারে।”

খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। রেলপথটির দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। প্রকল্পটি বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টুবরো এবং ইরকন ইন্টারন্যাশনাল। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা।