রাবি শিক্ষার্থীকে ‘কক্ষে ডেকে নির্যাতনের’ প্রতিবাদে শামিল শিক্ষক-অভিভাবক
নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতিহার হলে এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ নেতার কক্ষে ডেকে নির্যাতন ও টাকা কেড়ে নেওয়ার ঘটনায়’ মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার সকালে সাড়ে ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্যের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থী সামছুল ইসলামকে ২৩২ নম্বর কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। পাশাপাশি সামছুলের গলায় ছুরি ঠেকিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আসে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে।
নির্যাতনের ঘটনাটি সাংবাদিক কিংবা পুলিশকে জানালে ভুক্তভোগীকে বুয়েটের আবরার ফাহাদের মতো মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই শিক্ষার্থীর।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূরের কাছে লিখিত অভিযোগ দেন সামছুল ইসলাম।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, “বেশ কিছুদিন আগেও আমরা ছাত্রলীগের সিট বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়িয়েছি। নানা সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, নির্যাতনের অভিযোগ উঠছে। শিক্ষক হিসেবে আমি বারবার লজ্জিত হই! কী শিক্ষা দিচ্ছি আমরা শিক্ষার্থীদের। এ দায় যেমন শিক্ষকদের তেমনি প্রশাসনেরও।”
“আমি জোর দাবি জানাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক। এ বিষয়ে দ্রুত কোনো কার্যত ব্যবস্থা না নিলে, কঠোর কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা যেখানে শিক্ষার্থীরা সম্মান ও আত্মমর্যাদার সঙ্গে পড়াশোনা করবে। এ ছাড়া প্রচলিত আইন-বিধিনিষেধ সকলের জন্য প্রযোজ্য হবে। তবে এ বিশ্ববিদ্যালয়ে আমরা তার লেশমাত্র দেখতে পাচ্ছি না। ছাত্রলীগ কিছু গুণ্ডা লালন করছে যারা বছরের পর বছর নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমে আমরা যেসব সংবাদ দেখছি শুধু তাই-ই ঘটছে? এর বাইরেও অনেক ঘটনা ঘটছে যা আমাদের সামনে আসছে না। কাজেই কথা বলাটা জরুরি, এ ধরনের ঘটনায় ভয় না পেয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।”
বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবক নূর হোসেন মোল্লা বলেন, “এই শোকের মাসেও আমাদের বিচারের দাবিতে মানববন্ধন করতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে মূলত শিক্ষা নেওয়ার জন্যই শিক্ষার্থীদের পাঠানো হয়। এটা কোনো মাস্তানির জায়গা নয়;যদি তাই-ই হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে একটা নতুন `মাস্তানি' নামে বিভাগ খোলা হোক!”
আরেক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী বলেন, “মতিহার হলে শিক্ষার্থীর নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা যে সংগঠনের সঙ্গে যুক্ত তার একটা ঐতিহ্য আছে। কিন্তু কিছু নেতাকর্মী এর সুনাম নষ্ট করছে। এখানে প্রশাসনের পরিবর্তন হয় কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। বিদ্যমান কাঠামোই এদেরকে এমনটা করতে সাহস জুগিয়েছে। তাই এ ধরনের ঘটনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তরের ভাষ্য, “জিয়া হলের ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারির বিরুদ্ধে এর আগে নানা অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কিছুদিন আগে দোকানির কাছ থেকে জোর করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা। এই যে বিচারহীনতার সংস্কৃতি তার কারণেই ছাত্রলীগ এমনটা করার সাহস পাচ্ছে। যার ফলাফল হিসেবে মতিহার হলের মতো ঘটনা ঘটছে। এক অর্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই কাজের জন্য মদদ জুগাচ্ছে।”
মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী ভাষ্য, ছাত্রলীগের এখন রুটিন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম। ভর্তি পরীক্ষার প্রক্সি-কাণ্ডে এক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। অথচ ভিসি বলেন, তিনি আমাদের শিক্ষার্থী নন, তাই ব্যবস্থা নিতে পারছি না।
“সে যদি আমাদের শিক্ষার্থীই না হন তবে সে আবাসিক হলে কীভাবে অবস্থান করতে পারে? তার মানে, এই প্রশাসনই ছাত্রলীগকে এ জাতীয় কর্মকাণ্ডে সাহায্য করছে।”
মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান সঞ্চালনা করেন।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আখতার হোসেন মজুমদার, আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ, রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাইমুল ইসলাম, শিক্ষার্থী আমানুল্লাহ আমান।
আরও পড়ুন:
