নেত্রকোণায় ট্রাক চাপায় শ্রমিক নিহত
সুমন কেন্দুয়ায় একটি সড়কে উন্নয়ন কাজের শ্রমিক ছিলেন।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়কের উন্নয়ন কাজে থাকা একটি ট্রাকের চাপায় এক কিশোর শ্রমিক নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার টেঙ্গুরী এলাকায় আল খায়রুল অটো রাইস মিল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান।
নিহত সুমন মিয়া (১৩) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল বারেকের ছেলে। তার বাবা একই সড়কে উন্নয়ন কাজে একটি রোলারের চালক হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ঠিকাদারের একটি ট্রাক থেকে সড়কে পানি দেওয়া হচ্ছিল। একপর্যায়ে সুমন সেই গাড়ির নীচে চাপা পড়েন।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক আশরাফুল জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।
