২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ইলিশ শিকারে বাতিল হবে ‘জেলে কার্ড’

জেলেদের উদ্দেশ্যে ডিসি বলেন, “আপনারা যদি আইন না মানেন, তাহলে আমরা সর্বোচ্চ সাজা দিতে বাধ্য হব।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 07:52 PM

Updated : 12 Oct 2023, 07:52 PM

নিষেধাজ্ঞার সময় কার্ডধারী কোনো জেলে মা ইলিশ শিকার করতে গিয়ে ধরা পড়লে ‘জেলে কার্ড’ বাতিলসহ তাকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আজ (বৃহস্পতিবার) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। এ সময় যেসব জেলে অবসর থাকবেন, তাদের জন্য সরকার এ বছর খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চালের ব্যবস্থা করেছে। আইন অমান্য করে যেসব জেলে নদীতে নেমে মা ইলিশ ধরবেন, তাদের আইনের আওতায় আনার পাশাপাশি জেলে কার্ড বাতিল করা হবে। এটি আমরা স্থানীয়ভাবে চিন্তা করছি। যেন ওই জেলে পরের বছর সরকারের কোনো সুযোগ-সুবিধা না নিতে পারেন।”

নিষেধাজ্ঞার সময়ে প্রশাসনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের পরিকল্পনা হচ্ছে, এ বছর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ-পুলিশসহ সবাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। কারণ, গত বছর জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযানে বহু জেলে আটক হয়েছেন এবং জেল-জরিমানা হয়েছে। আপনারা যদি আইন না মানেন, তাহলে আমরা সর্বোচ্চ সাজা দিতে বাধ্য হব।”

ডিসি বলেন, “এ বছর কোস্ট গার্ডকে আমরা বলেছি, মতলব উত্তর উপজেলায় একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করতে। শিগগিরই সেটি স্থাপন হবে। হাইমচর মৎস্য বিভাগ নতুন স্পিড বোর্ড পেয়েছে। এখন থেকে অভিযানে জনপ্রতিনিধিরা সম্পৃক্ত হবেন।”

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, “নদীতে অভিযান না করলেও স্থলভাগে আমাদের পুলিশ কাজ করবে। এ সময়ে ইলিশ পরিবহন অবস্থায় যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার ও আড়তে ইলিশসহ যাদের পাওয়া যাবে তারাও আইনের আওতায় আসবে। কারণ অবৈধ কোনো কিছু বাজারেও বিক্রি করা যাবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিগত ৩ বছর নিষেধাজ্ঞার সময়ে কাজ করে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকবার জেলেরা নদীতে নামবেন না বললেও পরে দেখা যায়, দলে দলে নেমে মাছ ধরছেন। আইন অমান্য করে জেলার বাহির থেকেও জেলেরা আসেন। তারা আমাদের শত্রু মনে করেন। মারমুখী হয়ে আমাদের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন।

বিগত সময়ে অভিযানে গিয়ে নৌপুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন এ কর্মকর্তা।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, জ্যেষ্ঠ মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা রুমানা ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, মৎস্যজীবী নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, শাহ আলম মল্লিক ও তছলিম বেপারী।

সভা শেষে মোলহেড থেকে একটি নৌর‌্যালি তিন নদীর মোহনা ও আশপাশের এলাকায় টহল দিয়ে একই স্থানে ফিরে আসে।