২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মিনিট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ৩ মৃত্যু

মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ২ জন নিহত হন, আরেকজন মারা যান হাসপাতালে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2023, 11:39 AM

Updated : 09 Apr 2023, 09:39 AM

কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকাল ৭টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ভরাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

নিহতরা হলেন- উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালং এলাকার আনু মিয়ার ছেলে বদিউল আলম (৫০), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার মো. তরমিজের ছেলে মো. ওসমান (৩৫) এবং মো. হাসান (৩০)।

আহতরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মোকতার আহমেদ বাবুলের ছেলে মো. আলাউদ্দিন এবং একই উপজেলার রত্নাপালং এলাকার ফিরোজ আহমেদ।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, শুক্রবার রামু উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন নিহত ও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন।