২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী  

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেট জুড়ে বৃষ্টিপাত হয়েছে ৩০৭ দশমিক ৪ মিলিমিটার।

টানা বৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী  

বৃষ্টির পানিতে জলাবদ্ধ সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি সড়ক।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 04:22 PM

Updated : 03 Jul 2023, 04:28 PM

গত সপ্তাহ থেকে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীতে জলাবদ্ধতা লেগে আছে কয়েকদিন ধরেই। বিভিন্ন এলাকার রাস্তাঘাটে জমে থাকা পানি উপচে ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। 

সোমবার সকালে নগরীর পাঠানটুলা, সাগরদিঘিরপাড়, বর্ণমালা পয়েন্ট, আখালিয়া, বাগবাড়ি, ওসমানী মেডিকেল এলাকা, পায়রামহল্লা, রাজারগল্লি, বারুতখানা, হাওয়াপাড়া, যতরপুর, ছড়ারপাড়, কামালগড়, তালতলা এলাকা ঘুরে রাস্তাঘাট ও বাসাবাড়ির সামনের পানি দেখা গেছে। 

Image

পানি ঢুকেছে ওসমানি মেডিকেল কলেজের প্রশাসনিক ব্লকের একটি ভবনের নীচতলায়।

এসব এলাকার কোথাও-কোথাও হাঁটু সমান পানিও রয়েছে। এই পানির সঙ্গে ড্রেনের ময়লা আবর্জনাও জমে আছে রাস্তাঘাটে। 

নগরীর সাগরদিঘিরপাড়ের বাসিন্দা আসাদ আহমেদ বলেন, “কয়েক ঘণ্টার বৃষ্টিতে আমাদের পাড়ায় পানি জমে যায়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তাই জলাবদ্ধতাও লেগে আছে। সামনের রাস্তায় হাঁটুর উপরে পানি জমে থাকে; তখন বাসা থেকে বের হওয়া যায় না। 

“প্রতিবছরই এই সমস্যা হয়। কিন্তু তারপরও জলাবদ্ধতা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুনেছি নগরের উন্নয়নে সিটি করপোরেশন নাকি হাজার-হাজার কোটি টাকা ব্যয় করেছে। তার কোনো সুফল আমরা পাচ্ছি না। কবে যে এ সমস্যা থেকে মুক্তি মিলবে তার কোনো ঠিক নেই।”     

পাঠানটুলা এলাকার মোটরসাইকেল মেকানিক আব্দুল মিয়া বলেন, “আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। আর এ সমস্যা চার থেকে পাঁচ বছর ধরে। সিটি করপোরেশন এই এলাকায় নতুন করে ড্রেন তৈরী করেছে। নতুন করে রাস্তা উঁচু করা হয়েছে; তবুও কোনো কাজ হচ্ছে না। 

“বৃষ্টি দিলেই হাঁটু পানি, বেশি হলে কোমর পানি লেগে যায়। ফলে ঠিকমত ব্যবসা করা যায় না বর্ষা মৌসুমে। আর কয়েকদিন পর-পর এই এলাকার বাসাবাড়িতেও পানি উঠে। আমাদের দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না।”     

যতরপুর এলাকার বাসিন্দা সেফালি বেগম বলেন, “বন্যা হলেও আমাদের জলাবদ্ধতা থাকে, না হলেও থাকে। গত বছরের বন্যার কষ্ট ভুলতে পারব না; তাই বৃষ্টি শুরু হলেই আমরা আতঙ্কে থাকি আবার কষ্টে পড়তে হবে। 

“গত কয়েকদিনে বাসার ভেতরে দুইবার পানি ঢুকেছে। পানির সঙ্গে ঘরে ড্রেনের নোংরা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ রয়েছে। কবে যে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো তার ঠিক নাই।”  

বৃষ্টিপাতের বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেট জুড়ে বৃষ্টিপাত হয়েছে ৩০৭ দশমিক ৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টাও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে; তা আরও কিছুদিন থাকবে।’’   

পাউবো সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক দিন ধরে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে। তবে এখনও সিলেটের কোনো নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি।”  

এদিকে নগরীতে জলাবদ্ধতা বিষয়ে সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নামতে সময় লাগছে। ” 

জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশনের টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, “নগরীর রাস্তাঘাট ও ড্রেনের কোথাও ময়লা-আবর্জনার জন্য পানি আটকে গেলে তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে।”