২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ নিহত ৩

আশেপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাটিকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ নিহত ৩

আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত গাড়ি চাপায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 01:38 PM

Updated : 03 Aug 2023, 01:38 PM

নরসিংদীর শিবপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২টায় সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন  ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই আবুল খায়ের।

নিহতরা হলেন, উপজেলার কামারগাও এলাকার নজরুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৬), একই এলাকার পালপাড়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে জজ মিয়া (২৩) এবং ফরিদপুর জেলার মৃত তোতা মিয়ার ছেলে শাহিন হোসেন (২৮)। 

এসআই আবুল খায়ের জানান, আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় চালক নাসির উদ্দিন।

গুরুতর আহত সিএনজির দুই যাত্রীকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই আবুল খায়ের আরও জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাটিকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।