কুষ্টিয়ায় ২ ‘প্রার্থীর সমর্থকদের’ সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ৩
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।
জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগে পাল্টাপাল্টি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খোকসা থানার ওসি আননূর যায়েদ জানান, বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার গভীর রাতে উভয় পক্ষ খোকসা থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে। উভয় মামলার এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুষ্টিয়া-৪ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুর রউফের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে এ সংক্রান্ত কোনো তথ্য জানেন না বলছেন নির্বাচন অনুসন্ধান কমিটি এবং সংশ্লিষ্ট পক্ষগণ।
স্থানীয়দের বরাতে ওসি আননূর যায়েদ জানান, নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্বজনরা।
আহতরা হলেন- মো. রবিউল ইসলাম (৫০), মো. জিকু হোসেন (৩২), বিল্লাল হোসেন (৪০), মো. সালাম হোসেন (৪০), মো. চান্নু প্রামাণিক (৩৫), মো. আমিরুল ইসলাম (৩৫) ও মো. হাসান আলী (২২)।
ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে বর্তমান সংসদ সদস্যর সমর্থক পক্ষ থেকে স্থানীয় আজহার বাদী হয়ে ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চান্নু বাদী হয়ে প্রতিপক্ষের ১০-১২ জনের নামে মামলা করেছেন।
মামলা দুটির এজাহার নামীয়দের মধ্যে নৌকার প্রার্থীর সমর্থক রাশেদ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ও জামিরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে মোবাইলে কল করা হলে বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ঘটনাটিকে অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘না, আমার কর্মী-সমর্থকদের সাথে এমন কোনো ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। কে কোথায় কার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”
কথা বলতে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি বা খুদে বার্তা দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি কুষ্টিয়া-৪ এর দায়িত্বশীল সূত্রে জানা যায়, নির্বাচনী প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধি লংঘিত হয়েছে এমন কোনো অভিযোগ অনুসন্ধান কমিটির কাছে কেউ করেনি বা এ বিষয়টি তাদের নজরে আসেনি এখনও।
