রাজবাড়ীতে পদ্মার আগ্রাসী রূপ
ভাঙন রোধে সোমবার বিকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো তৎপরতা দেখা যায়নি।
রাজবাড়ীতে পদ্মার ভাঙন আগ্রাসী রূপ নিয়েছে। ভাঙনের তোড়ে ফসলসহ অনেক কৃষিজমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে রবিশস্যসহ জমি হারাচ্ছেন পদ্মা পাড়ের অনেক কৃষক।
হঠাৎ পদ্মার এমন আগ্রাসী হয়ে ওঠার খবরে জমির মালিকরা ছুটে আসছেন ভাঙন এলাকায়।
তবে নদী ভাঙন রোধে সোমবার বিকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো তৎপরতা দেখা যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ী সদর উপজেলার চর নারায়ণপুর, বড় চর, বড় চর বেনিনগর, কালিতলা, মেছোকাটা গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
এরই মধ্যে অনেক কৃষকের উচ্ছে, পটল, ঢ্যাঁড়শ, মূলাসহ সবজি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
সদর উপজেলার চর নারায়ণপুর গ্রামের কৃষক শাহ আলম সরদার বলেন, এক সময় ৩৫ বিঘা জমি ছিল। দফায় দফায় পদ্মার ভাঙনে নদীতে বিলীন হওয়ায় অবশিষ্ট ছিল ১০ বিঘা। এ বছর পুরা জমিতে আবাদ করেছিলাম। ধান, পেঁয়াজ, মরিচ, মূলাসহ বিভিন্ন সবজি। ক্ষেতের সবজি ও ফসল বিক্রির টাকা দিয়ে আমার সংসার চলে। নদীতে ভেঙে সব ধ্বংস হয়ে গেছে।
“এবার যে ক্ষতি হলো তাতে আমার সংসার চালানোর আর কোনো উপায় থাকলো না। কীভাবে সংসার চালাবো? কীভাবে বাঁচবো? পাঁচটা ছেলে-মেয়ে নিয়ে আমার সংসার চালানো খুবই কষ্টকর হয়ে গেছে। এখন এই মাঠে আসার কোনো উপায় নেই। আমার চোখে ঘুম নেই, পেটে ভাত নেই।”
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বরাট ইউনিয়নের লালগোলা এলাকায় গত কয়েক দিনের পদ্মার ভাঙনে তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৮০ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে।
ভাঙন রোধে লালগোলা এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
বড় চর নারায়ণপুর গ্রামের কৃষক শুকুর ব্যাপারী বলেন, “নদীতে যারা বস্তা ফেলায় এরাতো বড় চোর। একশত বস্তা ফেললে বলে দশ হাজার বস্তা ফেলেছি। ঠিকমত বস্তা ফেললে নদী ভাঙ্গতো না। এখন আমরা তো অসহায়, আমাদের জায়গা-জমি নদীতে ভেঙ্গে গেছে। এখন বাঁধেও জায়গা নেই। প্রধানমন্ত্রী যদি আমাদের মুখের দিকে একটু তাকায় তাহলে আমরা ঠাঁই পাবো। তা না হলে আমাদের ভেসে বেড়ানো লাগবে।”
মকবুল হোসেন নামের অপর এক কৃষক বলেন, “প্রতি বছর যে বালুর বস্তা ফেলে ওই সময় একটু ঠেকে, আবার যা ছিল তাই হয়ে যায়। আমার একদাগে তিন পাকি জমি ছিল, সব নদীতে ভেঙ্গে গেছে। এ বছর এই এলাকায় একশত বিঘার বেশি জমি নদীতে ভেঙ্গে গেছে।”
একই এলাকার কৃষক সোলেমান সরদারের ভাষ্য, “এ বছর আধা মাইল জমি ভাঙ্গছে। কত বিঘা হবে তার হিসাব নাই। আমরা যা আবাদ করতাম তা নদীতে ভাইঙ্গা গেছে। এখন আমাদের আর কিছুই নাই। এ বছর অন্তত দুইশত বিঘার ওপরে জমি নদীতে গেছে।”
“নদী খুব ভাঙ্গা ভাঙ্গছে। নদীতো ঠেকানোর মত কোন ব্যবস্থা নাই। গত একমাস ধরে প্রচুর ভাঙ্গছে। উচ্ছে, পটল, ঢেরশ, মূলা, লালশাক, বেগুনসহ বিভিন্ন ক্ষেত নদীতে ভেঙ্গে যাইতেছে। সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুত নদীটা শাসন করে। তা না হলে শত শত কৃষক তাদের জমি হারিয়ে ফকির হয়ে যাবে,” বলেন ওহাব ব্যাপারী নামের স্থানীয় এক ব্যক্তি।
এলাকাবাসী বলছে, পদ্মার ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ না নেওয়া হলে জেলার আরও অনেক কৃষক তাদের জমি হারাবেন।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিরাজ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর বর্ষা মৌসুমে জেলায় ২৯ হেক্টর জমি নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে আবাদি জমির পরিমান ১৭ দশমিক ৫ হেক্টর।
রাজবাড়ী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা নদীতে অক্টোবর মাসে অস্বাভাবিক হারে পানি বেড়েছে। নেপালে পানির ঢল ও ভারতে অতি বৃষ্টির কারণে উজান থেকে সেই পানি পদ্মায় প্রবেশ করেছে। নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি তীব্র স্রোতে ও ঘূর্ণনের কারণে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
“আমরা তৎপর আছি, নভেম্বর মাসেও তৎপর থাকবো। কারণ পানি কমার সময় নদী ভাঙন দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি।”
তিনি জানান, বেনিনগর, মহাদেবপুর ওই এলাকা তাদের স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ নেই। ইতোমধ্যে একটি প্রজেক্টের মাধ্যমে ভাঙনের জায়গাগুলো নির্ধারণ করে পাউবোতে পাঠানো হয়েছে। সেটা প্রক্রিয়াধীন আছে।
“এ ছাড়া উদ্ধর্তন দপ্তরকে আমরা জানিয়েছি। নিদের্শনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।
