বন্ধুর বিয়েতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় রেল কর্মচারীর মৃত্যু
প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, ওই যুবক ফোনে কথা বলতে বলতে রেল লাইন ধরে হাঁটছিলেন।
লালমনিরহাটের পাটগ্রামে বন্ধু বিয়েতে যাওয়ার পথে ট্রেনে ধাক্কায় এক রেল কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান।
নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলী ছেলে।
তিনি রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে চাকরি করতেন জানান নুর আলম।
প্রত্যক্ষদর্শী হাজরা বেগম বলেন, “ঘুন্টি বাজার থেকে রেললাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন রাজ্জাক। এসময় এই পথে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি কমিউটার ট্রেন আসতে দেখে আমি তাকে লক্ষ্য করে চিৎকারও করি। কিন্তু আমার এত চিল্লাচিল্লিও তিনি শুনতে পারেননি। সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।”
পাটগ্রামের স্টেশন মাস্টার নুর আলম বলেন, “রাজ্জাক আমাদের রেলের স্টাফ ছিলেন। তিনি ওই এলাকার হুমায়ুন কবির রুবেল নামে তার এক বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাবে বলে আমাকে জানিয়েছিল।”
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, “খবর পেয়ে রেল পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।”
