২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বিএনপি পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, আটক ৫

বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মানিকগঞ্জে বিএনপি পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, আটক ৫

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায়  ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 01:53 PM

Updated : 31 Oct 2023, 01:53 PM

বিএনপির ডাকা অবরোধে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে দলটির নেতা-কর্মীদের। পুলিশের গুলিতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আটক করা হয়েছে পাঁচ নেতা-কর্মীকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মানরা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিনের অবরোধের প্রথম দিন সকাল সোয়া ৭টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা এলাকা থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

স্লোগান দিতে দিতে নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে থাকেন। সাড়ে ৭টার দিকে তারা বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় মহাসড়কে উঠতে গেলে পুলিশ মিছিলের ব্যানার কেড়ে নেয়।

এক পর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস জিন্নাহ কবির বলেন, অবরোধের সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উসকানিতে নেতা-কর্মীদের ওপর হামলা করেছে।

“পুলিশের গুলি ও ধাওয়ায় বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। মিছিল থেকে দলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।”

আটকরা হলেন, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ওরফে যাদু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে লিটন, জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খান, জেলা কৃষকদলের সাবেক সভাপতি মনির হোসেন ও পৌর যুবদলের সদস্য আরিফ হোসেন।

ওসি আব্দুর রউফ সরকার বলেন, নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।  ঘটনাস্থল থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করা হয়েছে।