২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত যাত্রী বহন: ইনানী-সেন্ট মার্টিন রুটে ২ জাহাজকে জরিমানা

এমভি বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং এমভি কর্ণফুলি জাহাজে অতিরিক্ত ১০০ যাত্রী পরিবহন করা হচ্ছিল।

অতিরিক্ত যাত্রী বহন: ইনানী-সেন্ট মার্টিন রুটে ২ জাহাজকে জরিমানা

কক্সবাজারের ইনানী-সেন্টমার্টিন নৌরুটে চলাচল করা পর্যটকবাহী একটি জাহাজ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2024, 04:47 PM

Updated : 17 Feb 2024, 07:52 PM

অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে কক্সবাজারের ইনানী-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী দুই জাহাজকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে অভিযান পরিচালনা করে এমভি বার আউলিয়া ও এমভি কর্ণফুলি জাহাজকে এই জরিমানা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ।

সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ বলেন, মিয়ানমার অভ্যন্তরে সংঘাতের জেরে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুট বন্ধের কারণে ইনানী-সেন্ট মার্টিন নৌরুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ আসে প্রশাসনের কাছে।

এ অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উখিয়া উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “অভিযানে এমভি বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং এমভি কর্ণফুলি জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ১০০ যাত্রী পরিবহন করার সত্যতা পাওয়া যায়।

 “অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে এমভি বার আউলিয়াকে ৮০ হাজার টাকা এবং এমভি কর্ণফুলিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।“

এছাড়াও এমভি বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আগত পর্যটকদের হয়রানী-নাজেহালের অভিযোগ ছিল। এ অভিযোগে জাহাজ দু’টির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

কর্ণফুলি জাহাজের কক্সবাজারের ইনচার্জ এবং জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বাহাদুর বলেন, এমভি বার আউলিয়ার ধারণ ক্ষমতা ৮৫০ জন, যেখানে যাত্রী ছিল ১০৭০ জন। ফলে ২২০ জন অতিরিক্ত যাত্রী ছিল। কর্ণফুলী জাহাজের ধারণ ক্ষমতা ৭৫০ জন, যেখানে যাত্রী ছিল ৮৫০ জন। ওখানে ১০০ অতিরিক্ত যাত্রী ছিল।

তিনি বলেন, “এখন পর্যটন মৌসুম এবং পর্যটকের চাপ রয়েছে। অতিরিক্ত পর্যটক সেন্টমার্টিনে যেতে আগ্রহী। যে কারণে কিছু অতিরিক্ত টিকেট বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট কাউন্টারগুলো। এটা না করতে বলে দেওয়া হয়েছে।”

মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে নিরাপত্তার ঝুঁকির কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে গত ১০ ফেব্রুয়ারি থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন। ওই নৌরুটে সাতটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছিল।

তবে প্রশাসনের ওই নির্দেশনার পর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করা এমভি বার আউলিয়া ও এমভি কর্ণফুলি ইনানী-সেন্ট মার্টিন নৌরুটে চলাচল করছে।