২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলের টায়ারে ৭ কেজি গাঁজা, দুই যুবক গ্রেপ্তার

মোটরসাইকেলের চাকা খুলে টায়ারের ভিতরে অভিনব কায়দায় রাখা পলিথিনে মোড়ানো গাঁজা বের করা হয়।

মোটরসাইকেলের টায়ারে ৭ কেজি গাঁজা, দুই যুবক গ্রেপ্তার

টায়ারের ভিতরে অভিনব কায়দায় রাখা গাঁজা

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2023, 05:21 PM

Updated : 14 Feb 2023, 05:21 PM

নাটোরে মোটরসাইকেলের চাকার টায়ারের ভিতরে অভিনব কায়দায় লুকানো সাত কেজি তিনশ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার হয়েছে। যাদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর সদরের মাদ্রাসা মোড় থেকে দুটি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

এ সময় সাত কেজি তিনশ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড, দুইটি মোটরসাইকেল এবং মাদকের বিক্রয়ের ৩০ হাজার ৫০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্বফুলমতি এলাকার মো. মামুন হাসান (২৩) এবং উলিপুর উপজেলার মাতারটারী এলাকার মো. মাইদুল ইসলাম (৩৮)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরহাদ হোসেন বলেন, নাটোরে বগুড়া মহাসড়কের পূর্ব হাগুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানোর সময় দুটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে চালকেরা তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“এ সময় র‌্যাবের টহল দল পিছু ধাওয়া করে কৌশলে মাদ্রাসা মোড় থেকে মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করে। এরপর তল্লাশী চালিয়ে তাদের মোটরসাইকেলের চাকা খুলে টায়ারের ভিতরে অভিনব কায়দায় রাখা পলিথিনে মোড়ানো গাঁজা বের করা হয়।

"আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিক্রির জন্য টায়ারের ভিতরে রেখে পবিরহন করছিল বলে সাক্ষীদের সামনে স্বীকার করেছে।”

র‌্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বেচাকেনা করছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।