২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এসি বিস্ফোরণে নিহত ২

মেরামত শেষে কম্প্রেসার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরিত হয়; এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2022, 08:51 PM

Updated : 24 Jul 2022, 08:52 PM

গাজীপুরে একটি কারখানায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন।

সদর উপজেলার হোতাপাড়া বোরকান মনিপুরে ‘ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে’ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান সাগর (২২)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, নিহত অপরজন সোহেল (২৪) ঢাকার একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের এক কর্মী। তাৎক্ষণিকভাবে তার নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট এস এম আজিজুল হক জানান, কারখানার জেনারেটরের কক্ষে পাঁচ টনের একটি এসি রয়েছে। বেশ কিছুদিন ধরে এসিটির কম্প্রেসার মেশিন বিকল ছিল। রোববার বিকালে ওই দুই ব্যক্তি এসির কম্প্রেসার মেশিনটি মেরামতের কাজ করছিলেন।

“মেরামত শেষে কম্প্রেসার চালু করার সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।”

এ ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।

গাজীপুর সদর উপজেলার ইউএনও সৈয়দ মোরাদ আলী রোববার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।