মাদ্রাসা থেকে বেরিয়ে নিখোঁজ সুপারের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার
তিনি মাধবপুর উপজেলার ‘মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসা’র সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নিখোঁজের দুই দিন পর এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান।
নিহত ফরিদুল রহমান (৩৬) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি মাধবপুর উপজেলার ‘মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসা’র সুপার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকেই ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার বিকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনরা এসে ফরিদুলের পরিচয় নিশ্চিত করেন।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, মাদ্রাসা সুপারের নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে আগে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে জানা যাবে।
