সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে আগুন
গাজীপুরের চন্দ্রা থেকে বাসটি ঢাকার উদ্দেশে আসছিল বলে জানায় পুলিশ।
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সাদরুজ জামান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে সাদরুজ জামান বলেন, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে রওনা করে। সাড়ে ১০টার দিকে বাসটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে যাত্রীবেশে কয়েক ব্যক্তি বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ সময় আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এসআই আরও বলেন, পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় তদন্তের পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।
