২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ৪০০ টন ছোলা এনেছে টিসিবি

বুধবার সন্ধ্যায় ভারত থেকে প্রথম চালানটি এসেছে জানান বেনাপোল বন্দর পরিচালক।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 11:53 AM

Updated : 02 Mar 2024, 12:37 PM

রোজা সামনে রেখে পেঁয়াজ ও ডালের পর এবার ভারত থেকে ৪০০ টন ছোলার প্রথম চালান এসেছে বেনাপোলে।

যার আমদানিকারক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।

বুধবার সন্ধ্যায় ভারত থেকে ছোলার প্রথম চালানটি এসেছে বলে জানান বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, “এবার রমজানে সরবরাহের জন্য বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ডাল ও পেঁয়াজ আমদানি হচ্ছে। নতুন করে সরকার ৪ হাজার টন ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে। যার প্রথম চালান বন্দরে প্রবেশ করেছে।”

এর আগে সাধারণ ব্যবসায়ীদেরও শুল্কমুক্ত সুবিধায় ছোলা আমদানির সুযোগ দেয় সরকার। তবে বাজারে এর কোনো সুফল পাচ্ছেন না ক্রেতারা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত বছর ছোলার কেজি ৭৮ থেকে ৮০ টাকা থাকলেও এবার কোনো কারণ ছাড়াই তা বেড়ে ১০০ টাকার ঊর্ধ্বে চলে গেছে।

শেষে আসন্ন রমজান উপলক্ষ্যে সরকার কম মূল্যে বিক্রির জন্য টিসিবির পণ্য তালিকায় ছোলা যুক্ত করে আমদানির উদ্যোগ নেয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল বলেন, “ছোলা আমদানি খরচ প্রতি কেজি ৮৫ টাকা পড়লেও ৪৫ টাকা ভর্তুকিতে ৫৫ টাকায় টিসিবির কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হবে।”

সরকারিভাবে আমদানিতে বাজারে ছোলার দামের ঊর্ধ্বগতি কমবে বলে তিনি আশা করছেন।

রমজানে ছোলার পাশাপাশি ডাল, পেঁয়াজ ভোজ্য তেল, চিনি, খেজুর বিক্রি করবে টিসিবি।

সুলতান মাহামুদ বিপুল জানান, টিসিবির কার্ডধারী একজন গ্রাহক এতদিন ৩০ টাকা কেজি দরে মাসে ৫ কেজি চাল, ১০০ টাকা দরে ২ লিটার ভোজ্যতেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারছিলেন। এর সঙ্গে এখন থেকে তিনি ৫৫ টাকা কেজি দরে ছোলাও কিনতে পারবেন।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, “রমজান উপলক্ষ্যে ছোলাসহ বিভিন্ন খাদ্যপণ্যের আমদানি বেড়েছে। বন্দর থেকে যাতে পণ্য চালান দ্রুত ছাড় হয় কর্তৃপক্ষ সে ব্যাপারে কাজ করছে।”