২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

বৃহস্পতিবার রাজেনের ছেলে আশিষ বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে বাধা দেন পরিমল।

গোপালগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া থানা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 12:36 PM

Updated : 06 Jan 2023, 12:36 PM

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির বিবাদ নিয়ে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু হয়েছে। 

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান। 

নিহত পরিমল বৈরাগী (৫০) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়ণখানা গ্রামের মৃত দেবেন বৈরাগীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার ভাতিজা আশিষ বৈরাগী বাবুর (৩৩) লাঠির আঘাতে তিনি আহত হন। 

নিহতের প্রতিবেশী নারায়ণ চন্দ্র বৈরাগী জানান, পৈতৃক জমিজমা নিয়ে রাজেন বৈরাগীর সঙ্গে তার আপন ভাই পরিমল বৈরাগীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

বৃহস্পতিবার রাজেনের ছেলে আশিষ ওই জমিতে কাজ করতে গেলে পরিমল বাধা দেন। এ নিয়ে দুই জনের বাক্-বিতণ্ডার এক পর্যায়ে আশিষ লাঠি দিয়ে চাচা পরিমলের মাথায় আঘাত করে। 

লাঠির আঘাতে গুরুতর আহত পরিমলকে তার পরিবারের লোকজন প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় পরিমল বৈরাগী মারা যান। 

এদিকে একই বাড়ির বাসিন্দা বিধান চন্দ্র বৈরাগী জানান, পরিমল বৈরাগীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশিষ ও তার পরিবারের সদস্যরা ভোরেই বাড়ি ছেড়ে পালিয়ে যান। 

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।