যুক্তরাষ্ট্র থেকে ফিরে মায়ের ভোটের প্রচারে সুরঞ্জিতপুত্র
সুনামগঞ্জ-২ আসেন নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা।
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই মায়ের পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের বিভিন্ন পথসভা ও নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি। তার সঙ্গে প্রচারে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশ।
দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসেন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্তা। তিনি বর্তমান সংসদ সদস্য।
এ আসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ; যিনি পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই।
২০১৭ সালে সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে তার স্ত্রী জয়া এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। পরে একাদশ জাতীয় নির্বাচনেও তিনি বিজয়ী হন।
সুনামগঞ্জ-২ আসনকে একটি অসাম্প্রদায়িক এলাকা উল্লেখ করে সৌমেন সেনগুপ্ত বলেন, “এখানে আপনারাই সুরঞ্জিত সেনগুপ্তকে সাতবার এমপি বানিয়েছিলেন। তিনি আপনাদের ভোটে সত্তর সাল থেকে পাশ করে আসছিলেন। আপনারাই তাকে বারবার জনপ্রতিনিধি বানিয়ে সংসদে পাঠিয়েছিলেন।”
নৌকার প্রার্থীকে ইঙ্গিত করে তিনি বলেন, “এখানে আওয়ামী লীগের প্রার্থী আইজিপির ভাই। তবে তাকে আইজিপির ভাই বললে তিনি ক্ষেপে যান, রাগ করেন। কারণ তিনি এলাকায় ‘পাওয়ার খাটান’।
“আইজিপির ভাই হওয়ায় তাকে নিয়ে এখন কোনো নিউজও আসে না। ওখানেই নিউজ কাটাকাটি হয়ে যায়। কেন কাটে জানেন? মানুষ যখন ভয় পায়, নৌকার বিরুদ্ধে আছে যারা তারা শক্তিশালী, সেই বার্তা, সেই নিউজ মানুষের কাছে গেলে তখন তিনি অস্তিত্ব সংকটে পড়বেন।”
“বাবা মারা যাওয়ার পর মা দুইবারের এমপি হয়েছেন। এবারও এখানে প্রার্থী হয়েছেন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। ঈশ্বরের কৃপায় বেঁচে ফিরেছেন। এ কারণে তিনি সেই সময় এলাকায় বেশি যেতে পারেননি।”
করোনাকালীন সময় নিজ এলাকায় সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ টেনে সৌমেন সেনগুপ্ত বলেন, “অসাম্প্রদায়িক এলাকায় সেই হামলা ছিল ন্যাক্কারজনক। কারা সেটি ঘটিয়েছিল আপনারা জানেন।
“সেই ঘটনা দিরাই-শাল্লার অসাম্প্রদায়িক মানুষের নামে কলঙ্ক ছড়িয়েছে। সেই সময় মা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। তাই মানবিক ওই দুর্যোগে তার পক্ষে আসা সম্ভব হয়নি।”
তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে। কাচি মার্কায় প্রচুর ভোট কাস্ট করে এই জবাব দিয়ে সন্ত্রাস ও লুটপাটের বিরুদ্ধে মানবিক দল বিনির্মাণ করতে হবে।
আগামী ৭ জানুয়ারি ভয়কে উপেক্ষা করে জয়া সেনগুপ্তাকে নির্বাচিত করার আহ্বান জানান সুরঞ্জিতপুত্র।
সৌমেন সেনগুপ্ত ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছান। সেখানে তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন।
