২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলায় নাটকের মঞ্চে ১৮ শিল্পী অসুস্থ

সন্ধ্যায় মুক্তিযুদ্ধের উপর লেখা নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলার সময় শিল্পীদের শরীর চুলকাতে শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলায় নাটকের মঞ্চে ১৮ শিল্পী অসুস্থ

নাটক শেষে ২/৩ জন শিল্পী মাথা ঘুরে পড়ে গেলেও পরে সুস্থ হয়ে ওঠেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 12:55 AM

Updated : 27 Jun 2023, 03:01 PM

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের একটি নাটক চলাকালে ১৮ জন শিল্পী অসুস্থ হয়েছেন। তবে কারো অবস্থা গুরুতর নয় বলে একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে। 

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান।

ফারুকুর রহমান ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তিযুদ্ধের উপর লেখা নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলার সময় শিল্পীরা শরীরে চুলকানির অনুভূতি পেতে থাকেন। 

“তবে তাতে অস্থির না হয়ে তারা অনুষ্ঠান চালিয়ে যান। যথারীতি শেষও করেন। কিন্তু নাটক শেষ হওয়ার পর একে একে ১৮ জন অভিনয় শিল্পী সারা শরীরে চুলকানিতে অস্থির হয়ে পড়েন।”

ফয়সাল জানান, এরপর তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান। সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও এক কিশোরীকে হাসপাতালে রাখা হয়। 

কী কারণে তারা অসুস্থ হয়েছেন তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি; তবে কেউ তাদের পোশাকে কোনো রাসায়নিক বা বিষযুক্ত পাউডার মিশিয়ে দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। 

খবর পেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার আব্দুর রাকিবসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান বলে জানান ফয়সল। 

চাঁপাইনবাগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে দ্রুত তিনিসহ পুলিশ ঘটনাস্থলে যান এবং অসুস্থদের হাসপাতালে নিয়ে যান। আধাঘণ্টা পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২/৩ জন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তারাও পরে সুস্থ হয়েছেন। 

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।