বরিশালে অস্ত্রোপচারে নিতম্বের সুঁই বের করার সময় শিশুর মৃত্যু
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ করেছেন পরিবার।
বরিশাল নগরীতে নিতম্ব থেকে সুঁই বের করতে গিয়ে অস্ত্রোপচারের সময় ছয় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার নগরীর বান্দ রোডে বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে শিশুটি মারা যায় বলে জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল হক।
মৃত তানজিম পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাউকা গ্রামের ফিরোজ খানের ছেলে।
শিশুর মামা রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গলাচিপায় এক্সরে করে তানজিমের নিতম্বে একটি সুইয়ের অস্তিত্ব পেলে তাকে পটুয়াখালী নিয়ে আসি। সেখানে এক চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলামের কাছে গিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
“সোমবার তানজিমকে নিয়ে ওই চিকিৎসকের কাছে যাই। সেখানে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার চিকিৎসক তৌহিদুলের পরামর্শ অনুযায়ী তানজিমকে নগরীর আগরপুর রোডের মিডটাউন হাসপাতালে ভর্তি করাই।”
মিডটাউন হাসপাতালে অস্ত্রোপচারের ভালো ব্যবস্থা নেই জানিয়ে রাতে ডা. তৌহিদুল রোগীর স্বজনদের রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করতে বলেন। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে শিশু তানজিমকে সেখানে ভর্তি করা হয় বলে জানান রাকিব।
তিনি বলেন, “অস্ত্রোপচার কক্ষে নেওয়ার আগেও তানজিম খেলা করছিল। অস্ত্রোপচারের সময় আমি ভেতরে ছিলাম। তানজিমের শরীরে ৭-৮বার সুঁই ফুটানো হয়। এরপর কোমরে ইনজেকশন দিলে সে অচেতন হয়ে পড়ে।
“অজ্ঞান করার পর তানজিমকে অক্সিজেন দিতে দেখিনি। বারবার অনুরোধ করার পরও তার শরীরের কাটা স্থানটি চিকিৎসকরা সেলাই করেননি।”
ভুল চিকিৎসায় ভাগ্নেকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন রাকিব।
শিশুটির বাবা ফিরোজও ভুল চিকিৎসায় ছেলের মৃত্যুর অভিযোগ করেন।
তিনি বলেন, “চিকিৎসক তৌহিদুল নিজে বলেছেন, আমার ছেলের নিতম্বে একটি সুঁই ঢুকেছে। এটা মেশিনে অপারেশন হবে। এটা কোনো বিষয়ই নয়।”
জাতীয় জরুরি সেবা নম্বরে এ ঘটনার খবর পেয়ে হাসপাতালটিতে যান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল হক।
তিনি বলেন, “শিশু তানজিমের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির অস্ত্রোপচার করেছেন চিকিৎসক তৌহিদুল ইসলাম। আর অচেতন করেছেন চিকিৎসক মনিরুল ইসলাম।
মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি অনাকাঙ্ক্ষিত, হৃদয় বিদারক। ৬ মাস বয়সি শিশুকে অজ্ঞান করা ঝুঁকিপূর্ণ। কিন্তু শিশুটির জরুরি অস্ত্রোপচারও জরুরি ছিল। তাই ঝুঁকি নিতে হয়েছে।
“আমার ১৬ বছরের চিকিৎসা পেশায় সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অস্ত্রোপচারের শেষ মুহূর্তে শিশুটির হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু তাকে বাঁচাতে পারিনি।”
তবে এ বিষয়ে জানতে চিকিৎসক তৌহিদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
