২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চা শ্রমিকরা অধিকারের জন্য জেগে উঠেছে’

চা শ্রমিকের দৈনিক নূন্যতম মজুরি ৫০০ টাকা করার দাবি জানানো হয় কনভেনশনে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2022, 05:17 PM

Updated : 28 Nov 2022, 05:17 PM

চা শ্রমিকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে রোববার বিকালে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে চা শ্রমিক কনভেনশনের উদ্বোধনকালে ডাকসুর সাবেক ভিপি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চা শ্রমিক আন্দোলনের প্রতি এদেশের সব শ্রমজীবী-মেহনতি মানুষের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু মালিক ও উচ্চবিত্ত শ্রেণি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় চা শ্রমিককে অধিকার বঞ্চিত করে রাখতে চায়।”

এ অবস্থায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তেলিয়াপাড়া চা বাগান থেকে মুক্তিযুদ্ধের পরিকল্পনা শুরু হয়েছিল এবং তাতে চা শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেলিম বলেন, “আজ আবারও সিলেট থেকে চা শ্রমিকদের নতুন সংগ্রাম শুরু হলো। এ লড়াই জীবনের জন্য, এ লড়াই জীবিকার জন্য, এ লড়াই সুন্দর আগামীর জন্য।

চা শ্রমিকের দৈনিক নূন্যতম মজুরি ৫০০ টাকা করা, ভূমির মালিকানা, পূর্ণাঙ্গ রেশন প্রদান, শিক্ষা-স্বাস্থ্য-নারী অধিকার সংক্রান্ত ১০ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান সিপিবি নেতা।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়। সেটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে ফিরে আসে। পরে চা শ্রমিকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কনভেনশনে সিপিবি সভাপতি কমরেড শাহ আলম বলেন, “লড়াই-সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় হয় না। এ কথাটি চা শ্রমিকরা বুঝে গেছে। তাই চা শ্রমিকদের আর দাবিয়ে রাখা যাবে না।”

“তারা অধিকার বুঝে নিয়েই ঘরে ফিরবে। তাই পরিস্থিতি অবনতি হওয়ার আগেই চা শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নিতে হবে।”

চা শ্রমিক জাতীয় কনভেনশনে ১০ দফা দাবিনামা চূড়ান্ত করা হয়। কনভেনশনে চা শ্রমিকদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে সবুজ তাঁতিকে আহ্বায়ক করে ৪১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়।

এ ছাড়া এস এম শুভকে সমন্বয়ক করে ৩০১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি এবং সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সবুজ তাঁতি বলেন, “টানা ১৯ দিন আন্দোলন করে আমাদের মজুরি বেড়েছে মাত্র ৫০ টাকা। এ মজুরি দিয়ে আমাদের সংসার চলে না। তাই ৫০০ টাকার মজুরির দাবিতে আমাদের আবারও আন্দোলনে নামতে হবে।

“যা শ্রমিকদের দাবি-দাওয়াকে দমিয়ে রাখতে চায় তাদেরও চিহ্নিত করতে হবে। যারা শ্রমিকদের পক্ষে কাজ করবে তাদের নিয়েই আগামীর আন্দোলন করতে হবে।”

চা শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন- বুধুরাম সিংহ, সিরাজুল ইসলাম, শ্রীরাম মাহালী, সন্ধ্যা রাণী ভৌমিক, বিমল বাকতি, নূরে আলম, ঊমা রাণী তাঁতি।