কুড়িগ্রামে নদ-নদীতে বাড়ছে পানি, সবজি ক্ষেত প্লাবিত
২২-২৩ জুন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত সবগুলো পয়েন্টে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ না করলেও তলিয়ে গেছে পটল, ঢেঁড়সসহ বিভিন্ন সবজি ক্ষেত।
চর ও নিম্নাঞ্চলের সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় দুঃচিন্তায় পড়েছেন তারা।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক আহমেদ আলী জানান, কয়েক দিন ধরে বৃষ্টিপাতের ফলে খাল-বিল সব ভরে গেছে। ধরলার পানিও দ্রুত বৃদ্ধি পেয়ে বাড়ির পাশে অবস্থান করছে। যেকোনো সময় পানি বাড়িতে উঠতে পারে। তলিয়ে গেছে পটল, ঢেঁড়স, পাটসহ বিভিন্ন সবজি ক্ষেত।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মতিয়ার রহমান জানান, ব্রহ্মপুত্রের পানি খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন চরগুলোতে পানি প্রবেশ করছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের ঘর-বাড়ি তলিয়ে যাবে। দুঃচিন্তায় রয়েছে বাসিন্দারা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন জানান, এ জেলার ওপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে আগামী ২২ ও ২৩ জুন এসব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে আগামী ১০ দিনের মধ্যে বড় কোনো বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাউবোর এ কর্মকর্তা।
