২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবা নির্যাতন সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো’

মাধবপুর উপজেলার এই মেয়ে গত ২৭ সেপ্টেম্বর গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব যান ঢাকার আরামবাগের শান ওভারসিসের মাধ্যমে।

‘বাবা নির্যাতন সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো’

প্রতীকী ছবি

মো. রাসেল চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2022, 10:48 PM

Updated : 05 Oct 2022, 10:48 PM

‘বাবা আমি আর নির্যাতন সহ্য করতে পারছি না, আমাকে উদ্ধার করো, দেশে আনার ব্যবস্থা করো।’ 

সৌদির রিয়াদে গৃহকর্মীর কাজ নিয়ে যাওয়া হবিগঞ্জের ১৯ বছর বয়সী এক তরুণী টেলিফোনে বাবার কাছে এই আকুতি করেন। 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের এই মেয়ে গত ২৭ সেপ্টেম্বর গৃহকর্মীর কাজ দিয়ে সৌদিতে পাঠায় ঢাকার আরামবাগের ‘শান ওভারসিস’ নামের একটি রিক্রুটিং এজেন্সি। 

এ ঘটনায় গত রোববার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে মেয়েটির বাবা। 

অভিযোগ ও তরুণীর বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েটি তিন দিন আগে রিয়াদ থেকে ইমোতে তার বাবার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন তাকে সৌদি আরবের রিয়াদে আটকে রেখে নির্যাতন করছে; তিনি নির্যাতন সহ্য করতে পারছেন না। তাকে যেন উদ্ধার করেন। ফোন পেয়ে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমতলীর বাসিন্দা ও ‘রিক্রুটিং দালাল’ কাশেম মিয়ার মাধ্যমে তাকে সৌদি আরব পাঠানো হয়। কাশেম ঢাকার ‘শান ওভারসিসের’ মাধ্যমে কাজ করেন। 

মেয়টির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়েকে রিয়াদের একটি নির্জন স্থানে আটকে রেখ শারীরিক নির্যাতন করা হচ্ছে। যে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়, সেই কাজ না দিয়ে নানা অবৈধ কাজে তাকে জড়িত করার পাঁয়তারা করা হচ্ছে। 

এখন দালাল কাশেম কোনো দায়িত্ব নিতে চান না; তাই তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। 

মাধবপুরের কমলপুর গ্রামের মুজাহিদ মসি বলেন, মেয়েটির জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও দালাল চুনারুঘাট উপজেলার একটি ঠিকানা ব্যবহার করে তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করে সৌদি আরব পাঠিয়েছে। 

এ বিষয়ে কাশেম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঢাকার আরামবাগের শান ওভারসিস রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মেয়েটিকে গৃহকর্মীর কাজ দিয়ে সৌদি আরব পাঠিয়েছিলেন। 

সেখানে মেয়েটি ভালো আছেন এবং তার অভিযোগগুলো সঠিক নয় বলে তার দাবি। 

শান ওভারসিসের কর্মকর্তা সুইটি আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালের মাধ্যমে তারা মেয়েটিকে পেয়েছেন। কাশেম নামের এক লোক তাকে নিয়ে যান তাদের কাছে। 

“মেয়েটি সৌদি আরব যাওয়ার পরপই সেখানে কাজ ভালো লাগে না এবং নিজে থেকেই থাকতে চান না বলে জানান। তার পরিবার চাইলে আমরা তাকে দেশে আনার চেষ্টা করব।” 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মাইনুল ইসলাম বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে দালাল কাশেমকে মঙ্গলবার তার অফিসে ডেকে নিয়েছিলেন। 

“কাশেম স্বীকার করেছেন যে তার মাধ্যমে মেয়েটিকে সৌদি আরব পাঠানো হয়েছে। তাই তাকে সময়সীমা বেঁধে দেওয়া হয় মেয়েটিকে সেখান থেকে ফেরত নিয়ে আসতে।” 

অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা বলে তাকে জানানো হয়েছে, বলেন ইউএনও।