২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন আগেও কয়েকটি অস্ত্রের চালান সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করেছিল বলে জানান ওসি।

উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার কুতুপালং রোহিঙ্গা শিবিরের দুই বাসিন্দা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 12:14 AM

Updated : 15 Jun 2023, 12:14 AM

কক্সবাজারের উখিয়া থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যায় উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

গ্রেপ্তার দুজন হলেন উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৩৬ ব্লকের আবু বক্কর সিদ্দিক (৩০) এবং কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের সাদ্দাম হোসেন (২০)। 

ওসি বলেন, সন্ধ্যায় কোটবাজার স্টেশন দিয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে একটি আগ্নেয়াস্ত্রের চালান যাচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এক পর্যায়ে সন্দেহজনক একটি অটোরিকশা সেখানে পৌঁছলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

“অটোরিকশা থেকে দুইটি দেশি বন্দুক এবং ৫০টি গুলি জব্দ করা হয়, আটক করা হয় গাড়ির দুই আরোহীকে।”

এই দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি জানান, রামু উপজেলার জোয়ারিয়ানালা থেকে অস্ত্র সংগ্রহ করে গুলি ও আগ্নেয়াস্ত্র রোহিঙ্গা আশ্রয় শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছিল। পরে সেখান থেকে এই অস্ত্র ‘রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর’ কাছে সরবরাহ করার কথা ছিল। 

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, পরে এ মামলায় সিদ্দিক ও সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার দুজন আগেও কয়েকটি অস্ত্রের চালান সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহ করেছিল উল্লেখ করে ওসি বলেন, তারা রোহিঙ্গা আশ্রয় শিবির কেন্দ্রিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।