২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির ‘আত্মহত্যার চেষ্টা’, হাসপাতালে মৃত্যু

আমিরুল কারগারের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে চাদর বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান জেল সুপার।

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির ‘আত্মহত্যার চেষ্টা’, হাসপাতালে মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 02:35 PM

Updated : 08 Jul 2023, 02:35 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন; পরে হাসপাতালে মারা যান তিনি।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানান।

মৃত আমিরুল ইসলাম (৩৪) নোয়াখালী হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে। তার কয়েদি নম্বর ২৫৯৭/এ।

জেল সুপার সুব্রত বলেন, “শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুল কারাগারের টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে চাদর বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কক্ষের অন্য বন্দিরা টের পেয়ে কারা কর্মকর্তাদের খবর দিলে তাকে উদ্ধার করা হয়।

“প্রথমে তাকে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

তিনি আরও বলেন, “আমিরুল ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা কারাগার থেকে কাশিমপুর কারগারে আসেন। তার বিরুদ্ধে ২০১৪ সালে নারী ও শিশু নির্যাতন আইনে হাতিয়ার একটি মামলায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।”

আমিরুলের স্বজনদের খবর দেওয়া হয়েছে; কারাবিধি অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।