২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কোমরে বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি, আটক ২

আটক একজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 05:33 PM

Updated : 28 Sep 2026, 05:33 PM

কুমিল্লা নগরের গোবিন্দপুর এলাকায় কোমরে বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরির সময় দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার কুমিল্লায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিসি-২-এর উপপরিচালক সাদমান ইবনে আলম।

আটক মো. মনজুরুল ইসলাম (৩০) গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আর মো. ছামির ইসলাম (২০) কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।

এসআরবি জানায়, রোববার দুপুরে গোবিন্দপুর এলাকায় অভিযান চালানোর সময় খবর আসে, এক যুবক কোমরে বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মনজুরুল ইসলাম ও ছামির ইসলামকে আটক করা হয়।

এসআরবি ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার কথা জানিয়েছে।

সাদমান ইবনে আলম বলেন, অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে মনজুরুল ইসলাম ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি ওঠেছে। ২০২১ সালে তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব ছিলেন বলেও দাবি করা হয়েছে।

তবে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, “এই কমিটিগুলো আগের সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েছেন। আমি তাকে চিনি না।”