২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 01:29 PM

Updated : 29 Jul 2022, 02:22 PM

শ্রমিক হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শুক্রবার দুপুরে নগরীর সদর রোড টাউন হলের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক এতে সভাপতিত্ব করেন।

বিক্ষোভের কারণে বেলা ১১টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সোয়া ১২টার দিকে আবার গাড়ি চলাচলশুরু হয়।

বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, “বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইলসহ সকল কারখানায় ট্রেড ইউনিয়ন এখন সময়ের দাবি। কিন্তু কারখানার মালিকরা শ্রমিক ইউনিয়ন তো করতেই দিচ্ছে না, উল্টো শ্রমিক হয়রানিসহ আট কর্মঘণ্টা ও যুগোপযোগী বেতন স্কেল ও দিচ্ছে না। এ সব অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে।

এছাড়া কয়েকদিন আগে রুপাতলীতে কালু খাঁ নামে এক রিকশাচালক ট্রাকের চাপায় তার হাত হারিয়েছেন। তাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মনীষা।

সমাবেশের আগে শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দরা একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় কিছুটা সমস্যা হয়েছিলো। পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

দুলাল মল্লিক বলেন, “নগরীর সোনারগাঁও টেক্সটাইল মিলে শ্রমিক ইউনিয়ন করতে চাচ্ছি আমরা। কিন্তু মালিকপক্ষ -শ্রমিক সংগঠন পাই না লিখে সাক্ষ্য নিচ্ছে। যেসব শ্রমিক সাক্ষ্য দিতে চায় না তাদের বরখাস্ত করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করছি।”

তবে সোনারগাঁও টেক্সটাইল মিলের মালিক খায়রুল আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।