২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘চাচার’ রডের আঘাতে কলেজছাত্র খুন

পুলিশ জানায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে নাহিদুল লোহার রড দিয়ে ভাস্তের পেটে আঘাত করেন।

গোপালগঞ্জে ‘চাচার’ রডের আঘাতে কলেজছাত্র খুন

কলেজছাত্রকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 06:28 PM

Updated : 16 Feb 2023, 06:28 PM

গোপালগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে কলেজছাত্র খুনের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান।

ওই এলাকার ইব্রাহীম শেখের ছেলে নিহত ইসমাইল শেখ লিওন (১৭) সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

এ ঘটনায় নিহতের চাচা নাহিদুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে শীতল চন্দ্র পাল জানান, বসতবাড়ির সীমানা প্রাচীর নিয়ে নাহিদুল শেখের সঙ্গে চাচাতো ভাই ইব্রাহীম শেখের বিরোধ আছে।

থানার পরিদর্শক জানান, বৃহস্পতিবার দুপুরে নাহিদুল চাচাতো ভাই ইব্রাহীমকে গালিগালাজ করছিলেন। এ নিয়ে ইব্রাহীমের ছেলে লিওনের সঙ্গে চাচা নাহিদুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাহিদুল তার কাছে থাকা লোহার রড দিয়ে লিওনের পেটে আঘাত করেন।

পরে স্বজনরা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিওনকে মৃত ঘোষণা করেন।