২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রলোভন দেখিয়ে ধর্ষণ: টাঙ্গাইলে একজনের যাবজ্জীবন

আসামির উপস্থিতিতে সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বিচারক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 03:59 PM

Updated : 25 Jul 2022, 03:59 PM

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ মামলার আসামি এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত লিয়াকত আলী (৫৮) নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের নয়ন আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিতি ছিলেন।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকালে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী দশ বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় লিয়াকত বড়ই খাওয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে।

পরের দিন মেয়েটি তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। পরে মেয়েটির দাদা বাদী হয়ে ২ এপ্রিল নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে নাগরপুর থানার এসআই আব্দুল হক একই বছরের ১৩ জুলাই লিয়াকতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।