মাদারীপুরে বাইক চালক হত্যায় দুই যুবকের মৃত্যুদণ্ড
পিপি জানান, বোরহানকে হত্যা করে তার মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আসামিরা সাতক্ষীরায় যান।
মাদারীপুরের সদর উপজেলায় মোটরসাইকেল চালককে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদাউস আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং জানান।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- ওই উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের বাসিন্দা সজিব বেপারী (২৯) এবং একই গ্রামের মিঠুন খান (৩৩)। তারা দুইজনই জামিনে বেরিয়ে হয়ে পলাতক রয়েছেন।
মামলার বরাত দিয়ে পিপি সিদ্দিকুর বলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বিকালে ওই উপজেলার রাস্তি ইউনিয়নের রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেননি।
পরদিন সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বোরহানের পরিবার। এরপর ২০১৫ সালের ১ জানুয়ারি বোরহানের মোটরসাইকেলসহ সজীব বেপারী ও মিঠুন খানকে সন্দেহজনক ভাবে আটক করে সাতক্ষীরার তালা থানা পুলিশ।
আইনজীবী আরও বলেন, “ওই দুইজন পুলিশকে জানান, বোরহানকে হত্যা করে তার মোটরসাইকেলটি বিক্রি করার উদ্দেশ্যে তারা সাতক্ষীরায় আসেন। পরে তাদের দেওয়া তথ্য মতে, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে বোরহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।”
এই ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই বছরের ১০ জুলাই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন সদর মডেল থানার এসআই বারিউল করিম খান। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
রায়ে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেকেই ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
