২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাসাতেই জাল নোট তৈরি, ঘন ঘন জায়গা পাল্টাতেন তারা

“সাধারণত ঈদ বা পূজার মত উৎসবকে সামনে রেখে তারা জাল টাকা ছাপায়।”

বাসাতেই জাল নোট তৈরি, ঘন ঘন জায়গা পাল্টাতেন তারা

জাল টাকা বানানোর অভিযোগে নারায়ণগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 07:00 PM

Updated : 07 Oct 2023, 07:00 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে জাল নোট তৈরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফেনীর আকরামপুরের মো. আলমগীর হোসেন (৩৪), চাঁদপুরের ফরিদগঞ্জের মো. রাসেল (৩২) এবং কুড়িগ্রামের নাগেশ্বরীর রুবেল ইসলাম হৃদয় (২০)। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে। 

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসপি বলেন, “তারা ছয় মাসের বেশি কোনো বাসায় থাকেন না। ক্রমাগত ঠিকানা পরিবর্তন করেন। সাধারণত ঈদ বা পূজার মত উৎসবকে সামনে রেখে তারা জাল টাকা ছাপায়।

জাল নোট সারাদেশে ছড়িয়ে দিতে একটি চক্র সক্রিয় রয়েছে এবং তাদের শনাক্তের চেষ্টা হচ্ছে উল্লেখ করে গোলাম মোস্তফা রাসেল বলেন, “অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, তিনটি ডাইস, দুটি গ্লাস, এক কেজি ট্রেসিং পেপার, ২৫০টি অফসেট পেপার জব্দ করা হয়েছে।”