১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার গেল দ্বিতীয় আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’

ওই রুটে গত ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম আন্তঃনগর ট্রেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 07:26 PM

Updated : 10 Jan 2024, 07:29 PM

কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছল বাণিজ্যিকভাবে চালু হওয়া দ্বিতীয় আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বুধবার সকাল সোয়া ৬টায় ছাড়া ট্রেনটি বেলা ৩টা ২৫ মিনিটে কক্সবাজার এসে পৌঁছায় বলে জানান কক্সবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম রব্বানী।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কক্সবাজার আইকনিক রেল স্টেশন এবং ঢাকা-কক্সবাজার রেললাইনের উদ্বোধন ঘোষণা করেন।

পরে গত ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে প্রথম আন্তঃনগর ট্রেন।

যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ‘পর্যটক এক্সপ্রেস’ নিয়ে এখন থেকে দুটি বাণিজ্যিক ট্রেন ঢাকা-কক্সবাজার পথে নিয়মিত চলবে বলে কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান।

তিনি আরও জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি প্রায় সোয়া ৯ ঘণ্টায় ঢাকা থেকে কক্সবাজার আইকনিক স্টেশনে এসে পৌঁছায়।

প্রথমবারের মত আসা ট্রেনটিতে যাত্রী ছিল ৭৮৫ জন। এতে খাবারের বগিসহ বগির সংখ্যা ছিল ১৬টি।

“রাত সাড়ে ৮টায় একই সংখ্যক যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে ট্রেনটি। আর ট্রেনটি প্রতি রোববার চলাচল বন্ধ থাকবে।“

মোহাম্মদ গোলাম রব্বানী জানান, নতুন চালু হওয়া ‘পর্যটক এক্সপ্রেস’ এর যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর মতই। এতে ঢাকা থেকে কক্সবাজারের নন-এসি শ্রেণির 'শোভন চেয়ার' আসনের ভাড়া ৬৯৫ টাকা এবং এসি শ্রেণির 'স্নিগ্ধা' আসনের ভ্যাটসহ ভাড়া এক হাজার ৩২৫ টাকা। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজার আইকনিক স্টেশনের এ মাস্টার বলেন, “দেশের বিভিন্ন রুটের আরও কয়েকটি ট্রেন কক্সবাজার আইকনিক স্টেশন থেকে চলাচলের জন্য আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব, আলোচনা করে ট্রেনগুলো চলাচলের ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ।“

আরও পড়ুন:

পুরানো খবর:

ঢাকার পথে ‘কক্সবাজার এক্সপ্রেস’