নাটোরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার
দুই দিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান বলে জানায় পুলিশ।
নাটোর সদর উপজেলায় স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে টিকটকার বলছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাঘা উপজেলা থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণে জড়িতকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মো. মিজানুর রহমান।
গ্রেপ্তার নীরব হোসেন (২২) ওরফে টিকটকার নীরব সদর উপজেলার উত্তর বড়গাছা এলাকার মিন্টুর ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা টিকটকার নীরব ও তার সহযোগী পারভেজকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। পারভেজ স্টেশন বাজার এলাকার নূর আলমের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আলাইপুর এলাকায় ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান নীরব ও তার সহযোগী পারভেজ। পরে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে সদর থানায় মামলা করা হয়।
নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মইনুল হক রিকু বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করায় পুলিশ। চিকিৎসার পাশাপাশি ওই ছাত্রীর প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে।
ওসি মিজানুর রহমান বলেন, বিকালে গ্রেপ্তার নীরবকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পারভেজকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; মেডিকেল রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
