২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলের জয়

নির্বাচনের ফলাফলকে বয়কট করে সুষ্ঠু নির্বাচন দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবীদের প্যানেল।

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেলের জয়

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কখা বলেন নির্বাচিতরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 10:27 AM

Updated : 04 Mar 2023, 10:27 AM

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ২২ পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ২১ পদেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ‘আ্হছান-মিজান’র সাদা প্যানেল বিজয় লাভ করেছে। 

অপর একটি পদে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সহিদুজ্জামান-সিরাজুলের নীল প্যানেলের প্রার্থী। 

প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, নির্বাচনের ফলাফলে সাদা প্যানেলের মো. আহছান উদ্দিন (প্রধান) সভাপতি এবং মো. মিজানুর রহমান সরকার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। 

সমিতির এক বছর মেয়াদী কমিটির নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে শুক্রবার। এ নির্বাচনে মোট এক হাজার ৮৮৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৮১৩ জন ভোট দিয়েছেন। 

মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, সভাপতি পদে মো. আহছান উদ্দিন পেয়েছেন এক হাজার ২৩ ভোট এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী সহিদুজ্জামান পেয়েছেন ৭০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান সরকার পেয়েছেন ৯৯৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৬৯৭ ভোট। 

নীল প্যানেল থেকে একমাত্র বিজয়ী হাসিনা আক্তার জাহান বীথি সহ-সভাপতি পদে পেয়েছেন ৯০৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন ৮৬৮ ভোট। 

এদিকে এ নির্বাচনকে কারচুপির ও প্রহসনের নির্বাচন হিসেবে দাবি করেছেন বিএনপি সমর্থিত নীল দলের প্রার্থীরা। 

শুক্রবার বিকেলে তারা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের ফলাফলকে বয়কট করেন এবং সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন। 

তবে প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন বলেন, “নির্বাচনে টানটান উত্তেজনা থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কোনো প্রকার কারচুপি হয়নি।”