টেকনাফে ক্রিস্টাল মেথ, ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক
নৌকায় পাওয়া যায় এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ, ১০ হাজার ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ, ইয়াবা, মদ, বিয়ারসহ ‘মাদক পাচারকারী’ চার জন রোহিঙ্গাকে আটক ও মাদক বহনকারী কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।
আটকদের দুজন মিয়ানমার মংডু বুসিডং এলাকার রোহিঙ্গা নাগরিক এবং অপর দুজন টেকনাফের মোচনী ও উখিয়ার বালুখালী ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয় ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির দুটি বিশেষ টহল দল।
“রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি কাঠের নৌকা ঢুকতে দেখে বিজিবি টহল দল নৌকাটি থামার সংকেত দেয়। এ সময় নৌকায় থাকা চারজন পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।
“পরে নৌকাটির পাটাতনে লুকিয়ে রাখা পাঁচটি প্লাস্টিকের বস্তা খুলে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার ইয়াবা, ৩৫ বোতল গ্রান্ট মাস্টার মদ ও ৪৩০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।”
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক চারজনকে মাদক পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
