বরিশালে পুলিশি বাধায় জাপার মিছিল পণ্ড, প্রেসিডিয়াম সদস্য ‘আটক’
প্রেসিডিয়াম সদস্য মহসিন উল ইসলামকে হেফাজতে নিয়েছে পুলিশ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার বিকালে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্তোরাঁয় পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করলে সেখান থেকে মহসিনকে আটক করা হয়।
আটকের সময় মহসিন বলেন, “জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। নিবন্ধিত একটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দেশে মিছিল করতে দেওয়া হলো না।”
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, মহসিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
