২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাটা গাছের স্থানে ফের বৃক্ষরোপণের দাবি জাবি শিক্ষার্থীদের

আগামী তিনদিনের মধ্যে প্রথম দাবিটি বাস্তবায়ন করতে হবে বলে জানান শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 07:54 PM

Updated : 02 Nov 2023, 07:54 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ জন্য মধ্যরাতে অর্ধশত গাছ কাটার ঘটনায় তিন দফা দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘সুন্দরবন’ এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় ফলজ, কাষ্ঠলসহ মোট ২০টি বৃক্ষরোপণ শেষে ওই স্থানে একটি পথনাটক পরিবেশন করেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- প্রথমত. বিশ্ববিদ্যালয়ের ‘সুন্দরবন’ এলাকার গাছ কেটে ফেলা হয়েছে; সেখানে নতুন করে বৃক্ষরোপণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

দ্বিতীয়ত. ক্যাম্পাসে প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন করতে হবে।

তৃতীয়ত. যেকোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেখানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে অবশ্যই আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী এনভায়রনমেন্টাল সার্ভে এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিশ্চিত করতে হবে।

এ সময় শিক্ষার্থীরা জানান, আগামী তিনদিনের মধ্যে প্রথম দাবিটি বাস্তবায়ন করতে হবে। বাকি দুইটি দাবির জন্য আশ্বস্ত করতে হবে।

দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবেন বলে হুঁশিয়ারি করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে বঙ্গবন্ধু তুলনামূলক ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেহরাব সিফাত বলেন, “প্রশাসন রাত্রিকালীন যে বৃক্ষনিধন করেছে এটি ন্যাক্কারজনক ঘটনা।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল একটি ইকোলজিক্যাল হটস্পট। বিশেষজ্ঞদের মতামত না নিয়ে বৃক্ষনিধন করা হচ্ছে। উন্নয়নের জন্য গাছ কাটতে হবে। কিন্তু সেটা হতে হবে একটা নিয়মনীতির মধ্যে।"

রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেক্ট্রনিক করাত দিয়ে গাছ কেটে ফেলার ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচর না হওয়াকে প্রশাসনের ‘অদক্ষতা’ বলে আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা।

গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে ‘সুন্দরবন’ এলাকায় আইবিএ-জেইউ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম।

মঙ্গলবার রাতে ‘সুন্দরবন’ নামক স্থানের গাছগুলো কাটা হয়। বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবন নির্মাণের জন্য ওই জায়গা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি জানাজানি হয়ে গেলে বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ওই নির্ধারিত স্থানে যান। এ সময় সেখানে ওই ইনস্টিটিউটের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে দেন শিক্ষার্থীরা।

এরপর দুপুর দেড়টার দিকে আরেক দল শিক্ষার্থী ওই জায়গায় নতুন করে ১১টি গাছ লাগিয়ে দেন। পরে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা একটি গাছে কাফনের কাপড় পরিয়ে লাশ বানিয়ে বিক্ষোভ মিছিল করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ভবন নির্মাণের জন্য রাতে কাটা হল জাবির অর্ধশত গাছ