২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন নির্মাণের জন্য রাতে কাটা হল জাবির অর্ধশত গাছ

নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ওয়ার্ক অর্ডার পেয়েছেন তারাই গাছগুলো কেটেছে বলে জানান আইবিএ ইনস্টিটিউটের পরিচালক ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 07:29 PM

Updated : 01 Nov 2023, 07:29 PM

ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য মধ্যরাতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ কেটে ফেলেছে প্রশাসন।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানা সংলগ্ন সুন্দরবন নামক স্থানের গাছগুলো কাটা হয়।

বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবন নির্মাণের জন্য ওই জায়গা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি জানাজানি হয়ে গেলে বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ওই নির্ধারিত স্থানে যান।

এসময় সেখানে ওই ইনস্টিটিউটের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভেঙে দেন শিক্ষার্থীরা।

এরপর দুপুর দেড়টার দিকে আরেক দল শিক্ষার্থী ওই জায়গায় নতুন করে ১১টি গাছ লাগিয়ে দেন।

পরে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা একটি গাছে কাফনের কাপড় পরিয়ে লাশ বানিয়ে বিক্ষোভ মিছিল করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে অংশ নেওয়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, “আমাদের দাবি তিনটি। অবিলম্বে মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে, ভবন নির্মাণের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংস করা বন্ধ করতে হবে এবং ক্লাসরুম সংকট নিরসনে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ (ভবন নির্মাণ) নিতে হবে।”

নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে গাছ কাটা হলে সেসব গাছ বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়কে বুঝিয়ে দেওয়ার কথা। তবে গাছ কাটার কয়েক ঘণ্টা পার হলেও গাছগুলো এস্টেট কার্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়নি।

এ বিষয়ে এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বলেন, “নিরাপত্তা শাখার এক কর্মকর্তার মাধ্যমে জেনেছি সেখানে গাছ কাটা হয়েছে। গাছ কাটার কথা আইবিএ ইনস্টিটিউট থেকে জানানো হয়নি। এবং গাছগুলো এখনও বুঝিয়ে দেওয়া হয়নি।”

এ বিষয়ে আইবিএ পরিচালক অধ্যাপক কে এম জাহিদুল ইসলাম বলেন, “গাছগুলো এস্টেট অফিসকে বুঝিয়ে দেওয়া হবে। গাছগুলো ক্যাম্পাসেই থাকার কথা। কোথায় রাখা আছে আপাতত আমি জানি না।”

রাতের অন্ধকারে গাছ কাটা হল কেন এমন প্রশ্নের উত্তরে এই পরিচালক বলেন, “ওখানে ভবন করার জন্য সাবেক উপাচার্য জায়গা বরাদ্দ দিয়েছিলেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় টেন্ডার হয়েছে। ওয়ার্ক অর্ডার যারা পেয়েছেন তারা গাছগুলো কেটেছে। এখন তাদের যে সময় উপযুক্ত মনে হয়েছে বা লেবার অ্যাভেইলেবল ছিল তখন তারা কাজ করেছে।”

এ বিষয় জানতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নুরুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।