কুমিল্লা থেকে চুরি যাওয়া পিকআপ কক্সবাজারে উদ্ধার, আটক ২
বুড়িচং থেকে পিকআপটি চুরি করে কক্সবাজারে নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।
কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারের চকরিয়ায় নিয়ে যাওয়ার পথে একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়াছড়া বাজার থেকে পিকআপটি জব্দ করা হয় বলে চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র জানান।
আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার নিমশার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২২) ও চান্দিনা উপজেলার বড়িয়া কৃষ্ণপুরের মো. আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৯)।
সোমবার সকালে এসআই খোকন বলেন, রোববার বুড়িচং থেকে নীল রঙ্গের একটি পিকআপ চুরি করে কক্সবাজারে আনার তথ্য পাওয়া যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজার থেকে পিকআপসহ দুই জনকে আটক করা হয়।
খবর পেয়ে পিকআপটির মালিক কুমিল্লার দেবিদ্বার এলাকার মো. মাহাবুব এসে গাড়িটি শনাক্ত করেন বলে তিনি জানান।
মালিককে পিকআপটি হস্তান্তর করে আটকদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই খোকন জানান।
