ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন টুকু; তাকে উদ্ধার করতে এগিয়ে গিয়ে আলামিনও বিদ্যুতায়িত হন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে জানান।
নিহতরা হলেন- শান্তিপুর গ্রামের ওয়ালেক মিয়ার ছেলে আলামিন (২৬) এবং হেলু মিয়ার ছেলে টুকু মিয়া (২৫)। তারা আপন চাচাতো ভাই।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, দুপুরে বাড়ির সঙ্গে পুকুর পাড়ে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন টুকু। তাকে উদ্ধার করতে এগিয়ে গিয়ে আলামিনও বিদ্যুতায়িত হয়ে পড়েন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
