২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় কারাগারে বিএনপি নেতা প্রিন্স

৪ নভেম্বর পল্টন থানার একটি মামলায় ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 01:12 AM

Updated : 15 Dec 2023, 01:12 AM

ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিস্ফোরক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ইকবাল আহম্মেদ সোহাগ জামিন নামঞ্জুর করে বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তার আইনজীবী আবুল কালাম আজাদ।

৩০ অক্টোবর হালুয়াঘাট থানার এসআই সোহেল আহমেদ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।

বিএনপি নেতা প্রিন্সের ছেলে সৈয়দ সেহরান ইমরান জানান, ৪ নভেম্বর পল্টন থানার একটি মামলায় ঢাকার বাড্ডা থেকে তার বাবাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে।

বৃহস্পতিবার সকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে ময়মনসিংহের আদালতে আনা হয়। শুনানি শেষে আবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।