ফেইসবুকে ‘সুদ কারবারিকে দায়ী করে’ যুবকের আত্মহত্যা
যুবক লিখেছেন, “এক লাখ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লাখ এখনও পায়।”
‘সুদ ব্যবসায়ীর চাপ ও জীবন ধারণের একমাত্র উপকরণ ইঞ্জিন নৌকা কেড়ে নেওয়ায়’ ফেইসবুকে পোস্ট দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আত্মহত্যা করেছেন এক যুবক।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত নদী যাদুকাটার তীরে একটি গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফয়সাল আহমদ সৌরভ (২৩)।
তিনি বালিজুরী ইউনিয়নের পাতারি গ্রামের আজিজুর রহমানের ছেলে। স্ত্রী ও ফাইজা নামে চার মাস বয়সী এক মেয়ে রয়েছে তার। নৌকা দিয়ে যাদুকাটা নদীতে বালু আহরণ করে সংসার চালাতেন ফয়সাল।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, “আনোয়ারপুর গ্রামের আব্দুল কাহারের ছেলে শফিক মিয়া ও বাদাঘাট ইউনিয়নের নূরপুর গ্রামের মতি মিয়ার ছেলে রফিক মিয়ার কাছ থেকে সুদে এক লাখ টাকা নেন ফয়সাল। এরই মধ্যে এই এক লাখ টাকার সুদ পরিশোধ করার পরও আরও সুদের টাকা দাবি করেন তারা। টাকা না দেওয়ায় ফয়সলের ইঞ্জিন নৌকা আটক করে রেখেছে রফিক ও শফিক।
চেয়ারম্যান মো. আজাদ হোসেন বলেন, “ফয়সল কয়েকদিন আগে আমাকে এ বিষয়ে অবগত করেছিলেন। আমি তাকে আইনি পরামর্শ নিতে বলেছিলাম। কিন্তু তিনি এর পরে আর যোগাযোগ করেননি।”
“গতরাতে জানতে পারলাম, ফেইসবুকে পোস্ট দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এটি জানার পর আমি ফয়সালের পরিবারকে আইনি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছি।”
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফয়সাল ফেইসবুকে একটি পোস্ট দেন।
এতে তিনি লিখেন- “আমি গলায় দড়ি দিলাম তুই রফিকের লাগি, তুই আমারে কাবু করিয়া লাশ বানাইলি, তুই ভাল থাক বেইমান। সফিকের কাছ থেকে এক লাখ টাকা আনছিলাম সুদে। তিন লাখ টাকা সুদ দিয়েও সাড়ে তিন লাখ এখনও পায়।”
পোস্টে তিনি আরও লিখেন, “এই রফিক আর সফিকের লাগি আত্মহত্যা করলাম। ভাল থাক আমার পরিবার। মা ফাইজা আমায় ক্ষমা করো। মা-বাবা, ভাই-বোন তোমরা ক্ষমা করিও। বউ তোমাকে কিছু বলার নাই।’ ইতি এক কাপুরুষ!!!”
ফয়সালের চাচাতো ভাই বালিজুরি ইউনিয়ন পরিষদের সদস্য আলী নেওয়াজ বলেন, “ফয়সালের এই পোস্টটি দেখার পর আমরা তাৎক্ষণিক অনেক খোঁজাখুজি করি। ঘণ্টাখানেক পরে পাতারি গ্রামের পাশে যাদুকাটা নদীর তীরে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।”
“সেখান থেকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ইউপি সদস্য আরও বলেন, “আমরা দুই সুদখোরের বিচার চাই। পারিবারিকভাবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”
তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ফেইসবুকে পোস্ট দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ এখনও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়ে গেছে। তার পরিবার লিখিত অভিযোগ করলে আমরা আইনি পদক্ষেপ নেব।
