১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শার্শায় প্রায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার, ‘পাচারকারী’ আটক

আটক স্বর্ণের বাজার দর ১ কোটি ৭০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 01:12 AM

Updated : 01 Sep 2022, 01:12 AM

যশোরের শার্শার সীমান্ত থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক হয়েছেন; যাকে পাচারকারী বলছে বিজিবি।

বৃহস্পতিবার বিকালে রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।

আটক শুকুর আলী (৫০) শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় মোটরসাইকেল চালক শুকুর আলিকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।

“পরে তার দেহ তল্লাশি করে নয়টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ১ কোটি ৭০ লাখ টাকা।”

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং ‘পাচারকাজে ব্যবহৃত’ মোটরসাইকেল, স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

বিজিবি জানিয়েছে, এই নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে প্রায় সাড়ে ১৩ কেজি সোনা আটক করেছে। এ সময় ৭ জন পাচারকারীকে আটক করা হয়। আটক মোট সোনার সিজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।