রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষ হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
রাজবাড়ীতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন জানান।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী ও সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
সরজমিনে দেখা যায়, সারাদেশে পদযাত্রা উপলক্ষে সকাল থেকে লিয়াকত-হারুন পক্ষের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জমায়েত হয়।
এরপর সকাল সাড়ে ১১টার দিকে খৈয়মের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেল লিয়াকত-হারুন নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে খৈয়মের নেতা-কর্মীরা পিছু হটে।
এ ঘটনায় ১০ মিনিট পরে খৈয়মের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে তার কর্মীরা লাঠিসোঠা নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকতেই লিয়াকত-হারুন পক্ষ তাদের আবার বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় উভয় পক্ষই ইট-পাটকেল ও লাঠিসোটা ব্যবহার করে। এতে দুই পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়।
সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষসহ তিনটি কক্ষ, চেয়ার, টেবিল, আলমিরা, মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ পদযাত্রা কর্মসূচি ছিল। আমরা হাজার হাজার নেতা-কর্মীরা নিয়ে যখন জেলা বিএনপির কার্যালয়ে যাই। এই সময় সরকার দলীয় লোকদের পৃষ্ঠপোষকতায় দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আমাদের ওপরে হামলা চালায়। এ ঘটনায় বেশ কিছু নেতাকর্মী আহত হয়।”
জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গত কয়েকদিন ধরে দুই পক্ষ আলোচনা করছি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেগুলো দূর করবার জন্য।
“আজ সকালে আমাদের কার্যালয়ে ঢোকার পথে আওয়ামী লীগ অফিসের সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কে বা কারা ঘটিয়েছে, কাদের সঙ্গে ঘটেছে সেটা অজ্ঞাত।”
অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, “পদযাত্রা কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে।”
