২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রাজনীতি এখন হেন-তেন দূতাবাসে: আইনমন্ত্রী

“আগামী নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।”

বিএনপির রাজনীতি এখন হেন-তেন দূতাবাসে: আইনমন্ত্রী

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 10:52 PM

Updated : 15 Aug 2023, 10:52 PM

বিএনপির নেতারা এখন জনগণের কাছে আসেন না, তাদের রাজনীতি বিদেশি দূতাবাসে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, “বিএনপি-জামায়াত রাজনীতি করে ঢাকার আমেরিকান দূতাবাস, ব্রিটিশ দূতাবাস, হেন দূতাবাস, তেন দূতাবাসে। তারা কিন্তু মনে করে, ওই দূতাবাস দিয়ে আপনাদের ঘাড়ে উঠতে পারবে।

“এদের চিনে রাখবেন, এরা জনগণকে দুই পয়সার দাম দেয় না। এরা ক্ষমতায় এলে দেশটা বিরাণ করবে।”

মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আইনমন্ত্রী বলেন, “তারা কেয়ারটেকার সরকার চায়। কেয়ারটেকার সরকার নিয়ে মামলা হয়েছে। ২০১০ সালে এর রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, কেয়ারটেকার সরকার আমাদের সংবিধানের সঙ্গে চলে না। এটা অবৈধ। পরে সংবিধানে কেয়ারটেকার সরকারের যে ব্যবস্থা ছিল তা সংসদে বাতিল করা হয়।

“২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানে পরিষ্কার বলা হয়েছে, নির্বাচন করার জন্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের অধীনে থাকবে আর শেখ হাসিনার সরকার দৈনন্দিন কাজ করে যাবে।

আনিসুল হক বলেন, “বঙ্গবন্ধু হত্যার পেছনে একটা ষড়যন্ত্র ছিল। এখন আমাদের মূল দায়িত্ব হচ্ছে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই ষড়যন্ত্রের কুশীলবদের চিহ্নিত করা। আমরা প্রতিহিংসার জন্যে এ কথা বলছি না। যারা এই ষড়যন্ত্র করেছিল তারা বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিল। তাদের চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আমরা আইন করব। একটি কমিশন গঠন করব।”

উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন।