বগুড়ায় এমপি-পুত্রের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
মনোনয়ন প্রত্যাহারের আগে দলীয় কোনো নতুন ঘোষণা আসলে প্রার্থিতা প্রত্যাহার করার কথা জানান সনি।
বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে মনোনয়ন থেকে বাদ পড়া বর্তমান এমপি হাবিবর রহমানের ছেলে আসিব ইকবাল সনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
ওই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুকে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হবেন ধুনট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল সনি।
সনির বাবা হাবিবর রহমান বগুড়া-৫ তিনবারের সংসদ সদস্য (এমপি) ছিলেন। এবার তিনি দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েন।
ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম বলেন, “নেত্রী ঘোষণা দিয়েছেন দল থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে অসুবিধা নেই। তাই তিনি উপজেলায় একটি হলরুমে সমর্থকদের নিয়ে বৈঠক করে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঘোষণা দেন।”
এ বিষয়ে আসিব ইকবাল সনি বলেন, “স্বতন্ত্র কিংবা ডামি প্রার্থী হতে দলের পক্ষ থেকে কোনো বাধা নেই এমন ঘোষণা এসেছে নেত্রী শেখ হাসিনা মুখ থেকে। তাই প্রার্থী হব।
“তবে মনোনয়ন প্রত্যাহারের আগে যদি নতুন কোনো ঘোষণা আসে তাহলে প্রার্থিতা প্রত্যাহার করব। নির্বাচনকে উৎসবমুখর, বিদেশিদের কাছে গ্রহণযোগ্য করার জন্যই প্রার্থী হব।”
এ দিকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মজিবর রহমান মজনু বলেন, “নেত্রী বলেছেন স্বতন্ত্র প্রার্থী দলের কেউ হলে সমস্যা নেই। তবে দলের নেতাকর্মীরা নৌকার সঙ্গে আছে তারা মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল করছে।”
তিনি আরও বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়াতে বাধা নেই বললেও নেত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করতে।”
